গণগ্রেফতার বন্ধ করুন: সরকারকে খন্দকার মাহবুব

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৩:৫৯

 

দেশব্যাপী রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও বন্ধের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রবিবার দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

 

খন্দকার মাহবুব হোসেন বলেন, কোনো ধরনের মামলা এবং ওয়ারেন্ট ছাড়াই বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এ ধরনের গণগ্রেফতারের ভয়ে সাধারণ মানুষও ঘরছাড়া হচ্ছে। এই ঘরছাড়া মানুষ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

 

তিনি বলেন, অবিলম্বে গণগ্রেফতার বন্ধ করুন। মামলা ছাড়া গণগ্রেফতার কোনো দেশের জন্য সুফল বয়ে আনতে পারে না। এই গণগ্রেফতারের আড়ালে গ্রেফতার বাণিজ্য চলছে বলে তিনি অভিযোগ করেন।

 

বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিচারিক আদালতের রায় ছাড়াই কোনো ব্যক্তিকে জঙ্গি হিসেবে টিভি ক্যামেরার সামনে হাজির করা হচ্ছে ও অভিযুক্ত করা হচ্ছে। এটা মৌলিক ও আইনের শাসনের পরিপন্থি।

 

তিনি বলেন, আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঘৃণা করি। ক্রসফায়ার নয়, সন্ত্রাস ও জঙ্গিবাদকে নির্মূল করতে হলে আইনি প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে।

 

সংবাদ সম্মেলনে বারের সম্পাদক এ এম মাহবুদ্দিন খোকন ছাড়াও আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী, আইনজীবী শওকত আরা বেগম দুলালি, আইনজীবী শামীমা সুলতানা বৃত্তি, আইনজীবী মির্জা আল মাহমুদ উপস্থিত ছিলেন।

 

গণগ্রেফতারের প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।