সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় মঙ্গলবার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। সোমবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ শুনানি শেষে অভিযোগ গঠনের এই দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- সিলেটের বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব এবং পুলিশের ‘সোর্স’ আতাউর রহমান গেদা ও মাহিব হোসেন মাসুম।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর তিনদিন পর নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৫ মার্চ নিহতের বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
গত ২৩ সেপ্টেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এবাদুর, রাকিব ও গেদা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
মাহিব হোসেন মাসুম পলাতক ছিলেন। ৮ নভেম্বর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও মালামাল জব্দের নির্দেশ দিলে ১০ নভেম্বর তিনি আত্মসমর্পণ করেন।
