বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট শুনতে অপারগতা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৫:৪৯
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছে হাইকোর্ট।
 
সোমবার বিচারপতি হাকিম ও বিচারপতি ফরিদ আহমেদ শিবলীর ডিভিশন বেঞ্চ তাদের অপারগতার সিদ্ধান্ত জানান।
 
গত ২ নভেম্বর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। 
 
ওই আবেদনে বলা হয়, সংবিধানের বিধান অনুযায়ী হাইকোর্টের বিচারকরা শুধুমাত্র হাইকোর্টে বসবেন। তাদের অন্য কোথাও বসার সুযোগ নেই। কিন্তু হাইকোর্টের বিচারকদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। 
 
যেহেতু সংবিধান অনুযায়ী ট্রাইব্যুনালে নিয়োগ বৈধ নয়, সেহেতু তাদের ট্রাইব্যুনালে দেয়া রায় আইন অনুযায়ী হয় নাই।
 
আবেদনটি হাইকোর্টে উত্থাপন করেন আইনজীবী মহসিন রশিদ।