আপিল বিভাগের আদেশ যথাযথ অনুসরণ না করায় ঢাকার বিশেষ জজ আদালত-৩ বিচারক আবু আহমেদ জমাদারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়। সোমবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে শুনানির জন্য ওই দিন ধার্য করেছেন।
আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি দায়ের করেন।
ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছে।
