বেলজিয়ামের পুলিশ প্যারিসে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সালাহ আবদেসলামকে গ্রেফতার করেছে। বেলজিয়ামের আরটিএল রেডিওর বরাত দিয়ে এই কথা জানিয়েছে ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান।
বেলজিয়ামের পুলিশ জানিয়েছে, রাজধানী ব্রাসেলসে মোলেনবিকে রাস্তা বন্ধ করে অভিযান চালানো হয়েছে। ওই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ লাউডস্পিকারে আত্মসমর্পণের ঘোষণা দেওয়ার পরে ঘটনাস্থলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একজন ব্যক্তিকে হাত উপরে তুলে বের হয়ে আসতে নির্দেশ দেওয়া হয়।
IMG0
সালাহ-র বিরুদ্ধে অভিযোগ, তিনি বাটাক্লাঁ ক্লাবে হামলায় ব্যবহৃত ভোক্সওয়াগন পোলো গাড়িটি ভাড়া করেছিলেন । তার জন্ম ও বেড়ে ওঠা বেলজিয়ামে হলেও ফরাসি পুলিশ তাকে ফ্রেঞ্চ নাগরিক হিসেবে অভিহিত করছে। তার ভাই ইব্রাহিম আবদেসলাম প্যারিসে কোম্পতোর ভলতেয়ার ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলা করেছিল।
প্যারিসে হামলার কিছু পরে ফ্রান্সের পুলিশ সালাহ আবদেসলাম ও দুইজন ব্যক্তিকে বেলজিয়াম সীমান্তে পথরোধ করলেও পড়ে ছেড়ে দিয়েছিল। কারণ তাদের নাম পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল না। গার্ডিয়ান।
