‘শেখ হাসিনার দৃঢ়তায় জঙ্গিবাদ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি’

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৭:৫৬
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের অপচেষ্টা হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তায় তা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি।’
 
সোমবার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি), ঢাকা সদর দফতরে সংরক্ষিত ভাস্কর নভেরা আহমেদের অমূল্য ভাস্কর্য ‘উপবিষ্ট রমণী’ জাতীয় জাদুঘরে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি ছিলেন। জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, জাদুঘর ট্রাস্টিজ বোর্ডের সদস্য ও বিশিষ্ট চিত্রশিল্পী হাসেম খান, বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল ও জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
 
শিল্পমন্ত্রী বলেন, জাতীয় জাদুঘর দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সংগ্রহশালা। এর মাধ্যমে জাতির সভ্যতার পরিচয় প্রকাশ পায়। আধুনিক ভাস্কর্য শিল্পের পথিকৃত্ নভেরা আহমেদের ভাস্কর্য সংরক্ষণের ফলে বাংলাদেশ জাতীয় জাদুঘরের গুরুত্ব বৃদ্ধি পাবে। বিশেষ করে, বিদেশি দর্শনার্থীরা এসব ভাস্কর্য প্রত্যক্ষ করে বাঙালি সংস্কৃতির গৌরব সম্পর্কে উচু ধারণা পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

খবর বাসসের।