ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলি সৈন্যদের গুলিতে ২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সৈন্যরা অপর এক ফিলিস্তিনির বাড়ি ধ্বংস করতে গিয়ে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, সেনারা এক ফিলিস্তিনি নাগরিকের বাড়ি ধ্বংস করার সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় তিন জন গুলিবিদ্ধ হন। হাসপাতাল সূত্রগুলো তাদের মধ্যে দুই জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে।
যার বাড়ি গুড়িয়ে দেয়া হচ্ছিল তার বিরুদ্ধে এক ইসরাইলিকে হত্যার অভিযোগ রয়েছে। ইসরাইলের অভিযোগ, মোহাম্মদ আবু শাহিন নামের ওই ব্যক্তি গত ১৯ জুন পশ্চিম তীরের দোলেভ বসতির কাছে ড্যানি গোনেন নামে এক ইসরাইলিকে গুলি করে হত্যা করে। ওই হামলায় অপর এক ইসরাইলি আহত হয়েছিলেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, বাড়ি গুড়িয়ে দিতে গেলে কয়েকশ ফিলিস্তিনি সৈন্যদের রুখে দেয়ার চেষ্টা চালায়। তারা ইটপাটকেল নিক্ষেপ ও মলোটভ ককটেল ছুঁড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালায়।
অক্টোবর মাসের শুরু থেকে ওই এলাকায় সহিংসতায় এখন পর্যন্ত ৮৩ ফিলিস্তিনি ও ১২ ইসরাইলি নাগরিক নিহত হয়েছে। সূত্র: এএফপি
