আইএস এর বিরুদ্ধে অ্যানোনিমাসের যুদ্ধ ঘোষণা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৮:৩০
 
আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস অনলাইনে ইসলামিক স্টেট (আইএস) এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গত শুক্রবার রাতে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ইউটিউবে আপলোড করা ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছে অ্যানোনিমাস।
 
ভিডিও বার্তায় তারা তাদের জ্ঞান মানবজাতিকে ঐক্যবদ্ধ করতে ব্যবহার করবে উল্লেখ করে আইএস'র সঙ্গে সংশ্লিষ্ট সাইটগুলোতে কঠিন আঘাত হানার প্রত্যয় ব্যক্ত করে।
 
অ্যানোনিমাসের প্রতীক হিসেবে পরিচিত মুখোশ পরা এক ব্যক্তি ফরাসী ভাষায় বলেন, ফরাসী জনগণ তোমাদের চেয়ে শক্তিশালী। তারা এই পাশবিকতা থেকে বেরিয়ে আসবেই। সারা বিশ্বে ছড়িয়ে থাকা অ্যানোনিমাসের সদস্যরা তোমাদের ঘায়েল করবে। তোমরা জানো, আমরা তোমাদের খুঁজে বের করবো এবং ছেড়ে দেবো না। তোমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় সাইবার হামলা শুরু করা হবে। আমাদের জন্য অপেক্ষা করো। যুদ্ধ ঘোষণা হয়ে গেছে। প্রস্তুত হও।'
 
ধারণা করা হচ্ছে শুক্রবার রাতে এই ভিডিও বার্তাটি আপলোড করা হয়। হ্যাকার গ্রুপটি বিশ্বব্যাপী বিতর্কিত সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার যুদ্ধ পরিচালনা করার জন্য সুপরিচিত। গত জানুয়ারিতে প্যারিসে শার্লি হেবদো পত্রিকা অফিসে হামলার সময়ও তারা আইএস বিরোধী কার্যক্রম চালিয়েছিল।
 
হ্যাকার গ্রুপটি এখন পর্যন্ত আইএস'র সঙ্গে সংশ্লিষ্ট ১৪৯টি ওয়েব সাইট হ্যাক ও এক লাখের ওপর টুইটার অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছে। সূত্র: গার্ডিয়ান