প্যারিস হামলার পর ফেসবুকের 'সেফটি চেক' নিয়ে বিতর্ক

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৯:০৫
 
ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর বন্ধুদেরকে নিজের নিরাপত্তা পরিস্থিতি জানাতে ফেসবুক চালু করেছে 'সেফটি চেক' অপশন। এর মাধ্যমে নিজেকে 'নিরাপদ' হিসেবে চিহ্নিত করতে পারছেন ফেসবুক ব্যবহারকারীরা। তবে কার্যকর এই ব্যবস্থাটি নিয়ে খোদ ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেই বিতর্ক দেখা দিয়েছে।
 
অনেকেই অভিযোগ করছেন প্যারিস হামলার একদিন আগে লেবাননের রাজধানী বৈরুতে অনুরূপ জঙ্গি হামলায় ৪০ জন নিহত হলেও তখন এই অপশনটি চালু করেনি ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে ফেসবুক বর্ণবাদী আচরণ করেছে বলে ফেসবুকে ঝড় উঠেছে।
 
বৈরুত হামলার সময় সেফটি চেক অপশন চালু না করার একটি ব্যাখ্যাও দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। তারা বলেছে, প্যারিসের হামলায় আমরা সেফটি চেক করার সুযোগ দিয়েছি। কিন্তু প্রশ্ন উঠছে লেবাননের বৈরুত বা অন্যান্য স্থানের বোমা হামলার সময় কেন আমরা তা করিনি? আমাদের নীতি ছিল, প্রাকৃতিক কারণে কোনও বিধ্বংসী ঘটনা ঘটলে এজন্য আমরা সেফটি চেক করব। কারণ এর একটি নির্দিষ্ট শুরু ও শেষ থাকে। সন্ত্রাসী হামলার সময় এই অনুমানটি করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া প্যারিসের ঘটনার আগে মানবসৃষ্ট কোন দুর্যোগ নিয়ে এই ব্যবস্থাটি চালুই করা হয়নি। ভবিষ্যতে প্রাকৃতিক বা মানবসৃষ্ট সব বিধ্বংসী ঘটনার জন্য সেফটি চেকের বিষয়ে চিন্তাভাবনা করছি। সবাইকে ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন এবং নিজেদের মতামত জানিয়েছেন।
 
উল্লেখ্য, ২০১১ সালে জাপানে সুনামি আঘাত হানার 'সেফটি চেক' চালুর সিদ্ধান্ত নেন মার্ক জাকারবার্গ। ২০১৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। চলতি বছর নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর ফেসবুকের এই অপশনটি চালু করা হয়েছিল। সূত্র: দ্য ভার্জ