ধারাবাহিক নাটক ‘নন্দিনী’তে নাম ভূমিকায় অভিনয় করলেন লামিয়া মিমো। হাসান জাহাঙ্গীরের রচনা ও পরিচালনায় সোমবার দুপুরে মগবাজারের প্রিয়াঙ্কা শ্যুটিং হাউজে নাটকের দৃশ্যের কাজ করেন মিমো। ইত্তেফাককে তিনি বলেন, এবারই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছি। একটু সমস্যা হলেও মানিয়ে নিয়ে কাজ করছি। আশা করি দর্শকরা ভালো কিছু দেখতে পাবেন।
নাটকটি সম্পর্কে মিমো জানান, নন্দিনী ও নাবিতা দুই বোন। আমার নাম এখানে নন্দিনী। নাটকটির এক পর্যায়ে নন্দিনী খুন হয়। এরপর তার জমজ বোন নাবিতা একজন ডিবি অফিসার হিসেবে পর্দায় হাজির হয়। এভাবেই এগিয়ে যায় গল্পের কাহিনী।
সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতার বিজয়িনী মিমোর সঙ্গে নন্দিনীতে আরো অভিনয় করছেন, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, বন্যা মির্জা, শিরিন বকুল, হাসান জাহাঙ্গীর ও আশরাফ কবির প্রমুখ।
