রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।’
সোমবার মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃত্। আজীবন তিনি শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন।’
আবদুল হামিদ বলেন, ‘জাতীয় সংকটে জনগণের পাশে থেকে তিনি দুর্বার আন্দোলন গড়ে তুলতে সকলকে উদ্বুদ্ধ করতেন। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে সবসময় প্রাধান্য দিতেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অনাড়ম্বর ও অতি সাধারণ।’
রাষ্ট্রপতি বলেন, ‘ভাসানীর সাধারণ জীবনযাপন এদেশ ও জনগণের তাঁর প্রতি গভীর ভালবাসার প্রতিফলন। তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে।’
মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আবদুল হামিদ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
খবর বাসসের।
