ভারতের পানি সম্পদ মন্ত্রী উমা ভারতি শিগগির বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছেন। তিস্তার পানি বণ্টন ও অন্যান্য অভিন্ন নদী নিয়ে আলোচনা এগিয়ে নিতে তিনি এই সফর করবেন। এসময় তিনি যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিবেন।
বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ দিল্লির একটি হোটেলে উমা ভারতির চায়ের নিমন্ত্রণে যোগ দেয়ার পর সাংবাদিকদের একথা জানান। তিনি জানান, ঢাকায় যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দেয়ার আমন্ত্রণ জানালে উমা তা গ্রহণ করে শিগগির ঢাকায় আসার ইচ্ছা পোষণ করেন। এসময় সাংবাদিকরা তাকে সফরের তারিখ জিজ্ঞেস করলে মন্ত্রী বলেন, কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে সফরের দিন ক্ষণ ঠিক করা হবে।
এর কিছুক্ষণ পর উমা ভারতি সাংবাদিকদের ঢাকার আমন্ত্রণ গ্রহণ করার কথা জানান। দুপক্ষের সুবিধাজনক সময়ে সফরের দিনক্ষণ ঠিক করা হবে বলে তিনিও জানান।
এর আগে সর্বশেষ ২০১০ সালে মন্ত্রী পর্যায়ে যৌথ নদী কমিশনের বৈঠক হয়েছিল।
