ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত সমাজ ব্যবস্থার প্রতি অন্যতম বড় হুমকি সন্ত্রাসবাদ। সন্ত্রাস নির্মুলে জঙ্গিদের অর্থের উত্স বন্ধ করতে হবে। সন্ত্রাসবাদকে মানবতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জাতিসংঘকে শক্তিশালী ভূমিকা রাখার আহবান জানান। তুরস্কে জি২০ সম্মেলনে মোদী এসব কথা বলেন।
সন্ত্রাসবাদ নির্মুলে ১০টি প্রস্তাবনার যে সুপারিশ মোদী করেছেন তার মধ্যে তিনি জঙ্গি অর্থায়ন বন্ধের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক মতাদর্শের কারণে বিভেদ থাকলেও সন্ত্রাসবাদ ইস্যুতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
বিশ্ব নেতৃবৃন্দ এই হামলার কড়া জবাব দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ইন্টারনেটসহ অন্যান্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে জঙ্গিগোষ্ঠী যেন ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক হামলা ঘটাতে না পারে তার ওপর জোর দেন নেতৃবৃন্দ। সম্মেলনের মূল পর্বের আগে প্যারিসে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন বিশ্ব নেতৃবৃন্দ। জি-২০ সম্মেলন মঞ্চে বিশ্বের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা থাকলেও বিশ্ব নেতারা মূলত সন্ত্রাসবাদ নিয়েই বেশি আলোচনা করেন।
