প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী তার সরকারের অবস্থান তুলে ধরেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ই ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে স্বাগত জানান। সাক্ষাত্কালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, শুক্রবার প্যারিসে বার ও রেস্তোরাঁ, একটি কনসার্ট হল এবং একটি স্টেডিয়ামে সন্ত্রাসী হামলায় মোট ১২৯ জন নিহত হয়।
সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী সম্প্রতি তার নেদারল্যান্ডস সফর এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট্টের আমন্ত্রণে শেখ হাসিনা ৩ নভেম্বর নেদারল্যান্ড সফরে যান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানে তিনি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন।
