যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় (রিভিউ) আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আবেদন শুনানি শুরু করেছে সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার সকালের কার্যতালিকা অনুসারে মুজাহিদের আবদন শুনানি চলছে। এরপর কার্যতালিকায় রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় পুনর্বিবেচনায় (রিভিউ) শুনানি।
গত ২ নভেম্বর প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ সাবেক এই দুই মন্ত্রীর রিভিউ আবেদন শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ঠিক করে দিয়েছিল। সোমবার বিকালে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, পরবর্তী দিনের কার্যতালিকার ২ নম্বর ক্রমিকে মুজাহিদ এবং ৩ নম্বর ক্রমিকে সালাউদ্দিন কাদেরের রিভিউ শুনানির জন্য রয়েছে।
এ ছাড়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিলও (আংশিক শ্রুত) রয়েছে কার্যতালিকায়। তা আছে ৪ নম্বর ক্রমিকে। কার্যতালিকা অনুসারে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চে আছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
