মিসরের সিনাইয়ে বোমা হামলার কারণে রাশিয়ার এ৩২১ বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন রুশ গোয়েন্দা সংস্থার প্রধান। মঙ্গলবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এমন তথ্যই জানিয়েছেন তিনি।
এফএসবির প্রধান অ্যালেক্সজান্ডার বোর্টনিকোভ বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে রাশিয়ার এ৩২১ বিমানটি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন একটি বৈঠকে তিনি এই কথা বলেন।
অ্যালেক্সজান্ডার বোর্টনিকোভ বলেছেন, যে কেউ পরিষ্কারভাবে বলতে পারবে যে এটা একটি সন্ত্রাসী হামলা। বিধ্বস্ত বিমানটিতে বিদেশি বিস্ফোরকের চিহ্ন পাওয়া গেছে।
তিনি বলেছেন, মেট্রো জেটটিতে এক কেজি টিএনটির সমতুল্য বিস্ফোরক রাখা হয়েছিল। বিমানটি মাঝআকাশে বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।
রুম বিমান বিধ্বস্তের জন্য দায়ীদের খুঁজে বের করার প্রতিজ্ঞা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, আমরা তাদের সব জায়গাতেই খুঁজছি। তারা গ্রহের যেখানেই থাকুক না কেন তাদের কের করে শাস্তি দেয়া হবে।
সিনাইয়ে বিমান হামলাকারীদের বিষয়ে তথ্য দিলে ৫০ মিলিয়ান ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া।
গত ৩১ অক্টোবর মিসরের সিনাই উপত্যকায় রাশিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা ২২৪ আরোহী নিহত হন। বিমানটির বেশিরভাগ যাত্রীই ছিলেন রাশিরার নাগরিক। বিধ্বস্তের ঘটনায় জঙ্গি সংগঠন আইএস দায় স্বীকার করলেও রাশিয়া তা অস্বীকার করে আসছিল। আজ প্রথমবারের মতো বিমান বিধ্বস্তের জন্য সন্ত্রাসী হামলাকে দায়ী করেছে দেশটি। সূত্র: বিবিসি ও রয়টার্স।
