প্যারিসের মত আরো হামলা হতে পারে : সিআইএ প্রধান

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৬:২২
 
প্যারিসের মতো বিশ্বের আরো বেশ কিছু স্থানে হামলা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান। ওয়াশিংটনেও ইসলামিক স্টেটের (আইএস) হামলা চালানোর হুমকির পর একই ধরনের আরো হামলার ব্যাপারে সতর্ক করেন তিনি।
 
সোমবার ওয়াশিংটনের পলিসি ইন্সটিটিউটে দেওয়া এক বক্তৃতায় ব্রেনান প্যারিসের হামলা 'স্বতন্ত্র' কোনো ঘটনা ছিল না বলে মন্তব্য করেন। তিনি বলেন, 'জঙ্গিদের একই ধরণের আরো হামলার পরিকল্পনা রয়েছে।' জঙ্গিদের হামলার পরিকল্পনাগুলো ব্যর্থ করে দেওয়া চেষ্টা চললেও কাজটি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন সিআইএ প্রধান।
 
তিনি বলেন, 'ইউরোপ থেকে শত শত যোদ্ধা সিরিয়া এবং ইরাকে গিয়েছিল, যাদের অনেকেই নিজ নিজ দেশে ফিরেছে। কিন্তু ইউরোপের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর তাদেরকে শনাক্ত করতে পারেনি।'
 
গোয়েন্দাদের ধারণা, ২০১১ সাল থেকে অন্তত পাঁচ হাজার ইউরোপিয়ান সিরিয়ায় যুদ্ধে গেছেন, যাদের মধ্যে ফরাসি ছিলেন প্রায় দেড় হাজার। এসব ফরাসির অর্ধেকের বেশি দেশে ফিরেছে বলে মনে করেন তারা।
 
প্যারিসে হামলার বিষয়ে ব্রেনান বলেন, আমেরিকার গোয়েন্দারা এখনও নিশ্চিত নন যে আইএসই হামলাটি করেছে। তবে প্যারিসের হামলা এবং মিশরে রাশিয়ার বিমান হামলায় ২২৪ জন নিহতের ঘটনায় ইসলামপন্থি দলটির সম্পৃক্ততার ইঙ্গিত মেলে।
 
ওয়াশিংটনে হামলার হুমকির বিষয়ে ব্রেনান বলেন, আইএস যে ভিডিও বার্তা দিয়েছে তাতে মনে হচ্ছে তারা আরো হামলা চালাতে একটি আলাদা শাখা তৈরি করেছে। বিডি নিউজ।