নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের আদালতের গ্রেফতারি পরোয়ানা

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৯:১১
 
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে স্পেনের একটি আদালত। হেরাল্ড ট্রিবিউন পত্রিকার বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে ব্রিটেন-ভিত্তিক দি ইনডিপেনডেন্ট।
 
নেতানিয়াহু ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তারা হলেন—ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইহুদ বারাক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লেইবারম্যান, সাবেক কৌশলগত সম্পর্ক বিষয়কমন্ত্রী মসিহ ইয়ালুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এলি ইয়েসাই, দফতরবিহীন মন্ত্রী বেনি বিগিন এবং দশটির নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রারন এলিকজার।
 
হেরাল্ড ট্রিবিউন জানায়, ২০১০ সালে অবরুদ্ধ গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজের বহর ফ্রিডম  ফ্লোটিলায় হামলা চালায় ইসরাইলি বাহিনী । ওই হামলায় নয়জন ত্রাণকর্মী নিহত হন। পরে আরেকজনের মৃত্যু হয়। এ সংক্রান্ত একটি মামলা গত বছর স্থগিত করেছিলেন স্পেনের এক বিচারক ।
 
সম্প্রতি মামলাটির বিচারকাজ আবার নতুন করে শুরু করেছে স্পেনের কর্তৃপক্ষ। আর এই মামলাতেই নেতানিয়াহু ও ইসরাইলের সাত সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। স্পেন ন্যাশনাল কোর্টের বিচারক হোসে ডি ল্যা মাতা সোমবার এই আদেশ দেন। সেই সঙ্গে স্পেনের মাটিতে পা রাখামাত্র তাদের গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
 
এ দিকে, ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাচশন জেরুজালেম পোস্টকে বলেন, ‘এটাকে আমরা উসকানি হিসেবে নিচ্ছি। (পরোয়ানা) বাতিল করতে আমরা স্পেনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। আমাদের আশা, বিষয়টি শিগগিরই ঠিক হয়ে যাবে।’