রাবিতে ভর্তি পরীক্ষার ‘ই’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৯:২৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘ই’ ও ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার বিকেলে উভয় ইউনিটের (জোড়-বিজোড় ভিত্তিতে) ফল প্রকাশ করা হয়। গত ১০ নভেম্বর ‘ই’ ইউনিটের এবং ১১ নভেম্বর ‘এইচ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
 
রাবি কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা বলেন, উভয় ইউনিটের ফল ru.ac.bd ও ডিনস্ কমপ্লেক্সের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে। যথাসময়ে শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস’র মাধ্যমে ফলাফল জানিয়ে দেয়া হবে।’
 
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা জানান, অনুষদের ৭৯৮ আসনের বিপরীতে দুই হাজার তিন শ শিক্ষার্থীকে মেধাক্রম ও অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। তবে পাশের হার বের করা হয়নি। ৭ ডিসেম্বর বিজোড় এবং ৮ ডিসেম্বর জোড় রোল নম্বরের সাক্ষাৎকার নেয়া হবে।
 
অন্যদিকে প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু বকর মো. ইসমাইল জানান, ‘এইচ’ ইউনিটের পরীক্ষায় অংশ নেয়া ২৩ হাজার ৬৬০ শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে তিন হাজার ৮৬০ জন। পাশ নম্বর ৪০। ২৭২ আসনের বিপরীতে বিজোড় থেকে প্রথম পাঁচ শ জনকে ২৮ নভেম্বর; জোড় থেকে প্রথম পাঁচ শ জনকে ২৯ নভেম্বর সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। সকলকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিষয় পছন্দের পূরণকৃত ফরম প্রিন্ট দিয়ে স্বাক্ষরসহ সাক্ষাৎকারের সময় জমা দিতে হবে।