প্রিমিয়াম শেয়ার কেলেঙ্কারি: বাদীর বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২১:৫৬
                          
প্রিমিয়াম সিকিউরিটিজের শেয়ার কেলেঙ্কারি মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশেনের (বিএসইসি) সাবেক নির্বাহী পরিচালক এম এ রশীদ খানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করার আদেশ দেয়া হয়েছে। পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর ওয়ারেন্ট জারির আদেশ দেন।
 
মঙ্গলবার মামলার বাদী ও সাক্ষী হিসেবে এম এ রশীদ খানকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা করার কথা ছিল। তবে তিনি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। এর আগে ১৫ নভেম্বরও ট্রাইব্যুনালে তাকে জেরা করার কথা ছিল। সে দিনও তিনি ট্রাইব্যুনালে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত থাকার কারণে সে দিনই ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে চেয়েছিল। পরে বাদীপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তা করেনি ট্রাইব্যুনাল। কিন্তু মঙ্গলবারও এম এ রশীদ খান হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু এবং আগামী ২২ নভেম্বর জেরা করার জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।