নির্দোষ মানুষটি ফটোশপে হয়ে গেলেন আত্মঘাতী হামলাকারী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ০১:১৯

ফ্রান্সের প্যারিসে হামলাকারী হিসেবে একজনের ছবি ফটোশপ করে মুসলমান এবং তার হাতে ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফও ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। স্পেনের পত্রিকা লা রাজন এই কাজটি করেছে। যদিও পরে পত্রিকাটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে। খবর এনডিটিভির

 
ছবিটি পত্রিকায় ছাপানো হয়েছে এবং ক্যাপশনও দেয়া হয়েছে। দেখা যায়, দাড়িওয়ালা ওই ব্যক্তিটি কোরআন শরিফ হাতে দাঁড়িয়ে আছেন এবং তিনি প্যারিসে হামলাকারীদের মধ্যে অন্যতম। প্রতিবেদনে বলা হয়, হামলাকারী সিরিয়া হয়ে গ্রিসে প্রবেশ করে শরণার্থী হিসেবে। হামলাকারীদের বয়স ছিল ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।
 

বাস্তবে ছবিটির ওই ব্যক্তির নাম ভিরেন্দর জুব্বাল। তিনি শিখ ধর্মাবলম্বী এবং কানাডায় বাস করেন। সেখানে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন ভিরেন্দর জুব্বাল। জালিয়াতি করা ছবিটি তার টুইটার অ্যাকাউন্টে আসলে তিনি সেটি ধরেন এবং পরে তিনি তার আসল ছবি অনলাইনে প্রকাশ করেন। মূলত ল্যাপটপ হাতে তার একটি ছবি ছিল অনলাইনে। সেটিকে ফটোশপ করে শরীরে আত্মঘাতী হামলার ভেস্ট জড়িয়ে দেয়া হয় এবং ল্যাপটপের স্থলে হাতে কোরআন শরিফ ধরিয়ে দেয়া হয়। তবে ছবিতে পাগড়ি অক্ষুণ্ন থাকে যা শিখরা পরে থাকেন। তিনি টুইটারে লিখেছেন, আমার সঙ্গে কি করা হয়েছে তা সবাই দেখেছেন। আমি কখনোই প্যারিস যায়নি। অথচ আমার ছবি সম্পাদনা করে আমাকে আত্মঘাতী হামলাকারী বানিয়ে দেয়া হয়েছে।