প্যারিস হামলায় অংশ নেওয়া সম্ভাব্য হামলাকারীর সংখ্যা আট বলা হলেও এখন সম্ভবত সেই সংখ্যা বাড়তে যাচ্ছে। নিরাপত্তা নজরদারিতে নিয়োজিত ভিডিও ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে এ ধরনের একটি সম্ভাবনার খোঁজ পাওয়া গেছে।
ফরাসি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এই খবর জানিয়েছে।
ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, কয়েকটি বার ও রেস্টুরেন্টে যে দলটি হামলা চালিয়েছিল সেই দলটিকে বহনকারী গাড়িতে তৃতীয় এক ব্যক্তির উপস্থিতি ছিল।
তবে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি, নবম ঐ ব্যক্তি বেলজিয়ামে আটক হামলাকারীদের সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই ব্যক্তির সহযোগী কিনা।
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হন। এতে ৪ শতাধিক মানুষ আহত হন।
ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
