মুজাহিদের রিভিউর আদেশ আজ সকাল সাড়ে ১১টায়

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১০:৩৯
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের চূড়ান্ত রায় বুধবার বেলা সাড়ে ১১টায় দেয়া হবে।
 
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দিবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
 
এর আগে মঙ্গলবার সকালে মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি হয়। মুজাহিদের পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
 
গত ৩০ সেপ্টেম্বর মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। এর ১৪ দিনের মাথায় ওই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন তিনি। ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত রায় পুনর্বিবেচনার আবেদন দুটি শুনানির জন্য ২ নভেম্বর তারিখ ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির দিন ১৭ নভেম্বর পুননির্ধারণ করে আপিল বিভাগ।
 
২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।