মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ আদেশ দেন।
সকালে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সালাউদ্দিনের আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শেষ হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ছিলেন প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে মঙ্গলবার সাকা চৌধুরীর রিভিউ আবেদন শুনানির নির্ধারিত দিন থাকলেও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ‘নট টুডে (আজ নয়)’ বলে আদেশ দেন। সেই মোতাবেক আজকের কার্যতালিকায় সাকা চৌধুরীর রিভিউ আবেদনের বিষয়টি ৩ নম্বরে স্থান পায়।
গত ১৪ অক্টোবর ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন দাখিল করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী। সাকা চৌধুরী তার মোট ১০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনে ১০টি যুক্তি দেখিয়ে অভিযোগ থেকে অব্যাহতি ও মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়েছেন।
