নিরাপত্তা হুমকিতে প্যারিসগামী বিমানের গতিপথ পরিবর্তন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৫:৪৬
নিরাপত্তা হুমকির কারণে মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে প্যারিস গামী এয়ার ফ্রান্সের দুটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।  
 
মার্কিন সংবাদ চ্যানেল সিএনএন জানিয়েছে, একটি বিমান লস অ্যাঞ্জেলেস থেকে ছেড়ে যাওয়ার পর এর গতিপথ পরিবর্তন করে উটাহ-র সল্ট লেক সিটির দিকে নিয়ে যাওয়া হয়েছে। 
 
দ্বিতীয় বিমানটি ওয়াশিংটন থেকে রওয়ানা দেয়। এটির গতিপথ পরিবর্তন করে কানাডার হ্যালিফ্যাক্সের দিকে নিয়ে যাওয়া হয়। 
 
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের এক নারী মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, ফ্লাইট ৬৫ এর গতিপথ পরিবর্তন করে এটিকে সল্ট লেক সিটির দিকে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে।
 
তবে নিরাপত্তার বিষয়ে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান। কানাডার সিবিসি টুইটারে জানিয়েছে, বিমানটি থেকে যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। বাসস।