পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ বুধবার দেশটির কর্মকর্তারা একথা জানান। পাকিস্তান রেলওয়ের একটি ট্রেন প্রায় ৩০০ যাত্রী নিয়ে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে উত্তরাঞ্চলীয় নগরী রাওয়ালপিন্ডি যাওয়ার পথে মঙ্গলবার লাইনচ্যুত হয়।
এই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কর্মকর্তারা জানান, এই ঘটনায় গুরুতর আহত আরো তিন জন গত রাতে মারা গেছে।
বেলুচিস্তান প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আকবর হুসেইন দুররানী বলেন, মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত মোট ৯৬ জন চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসস।
