সফররত ডাচ রানি ম্যাক্সিমা জোরেগুইয়েটা সেরুটি বাংলাদেশের ‘রূপকল্প ২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে নেদারল্যান্ডস থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
বুধবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই আশ্বাস দেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকে ডাচ রানি বলেন, ‘নেদারল্যান্ডস বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে সহায়তা দেয়ার জন্য সবসময় প্রস্তুত যাতে এ দেশ রূপকল্প ২০২১ অর্জন করতে পারে।’
জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন সংক্রান্ত অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক উপদেষ্টা ডাচ রানি ম্যাক্সিমা বলেন, তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও আর্থিক কর্মকাণ্ড বিশেষ করে এটুআই প্রোগ্রামের ডিজিটাইজেশন প্রকল্প ও মোবাইল ব্যাংকিং সেবা দেখে খুবই খুশী ও চমত্কৃত হয়েছেন। তিনি এ তথ্য জেনে খুবই খুশী হয়েছেন যে, বর্তমানে বাংলাদেশের ২ কোটি ৯০ লাখ লোক মোবাইল ব্যাংকিং সেবা গ্রহণ করছে।
খবর বাসসের।
