মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়ার পর রাজধানীসহ বেশ কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সন্ধ্যার পর থেকে ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাত থেকেই দেশের কয়েকটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়। পিরোজপুর, সাতক্ষীরা, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, পাবনা ও কক্সবাজারে বিজিবি যৌথ অভিযানে সহায়তার জন্য বিজিবি নামানো হয়।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল, রাজশাহী ও রংপুরসহ সব কয়েকটি জেলা শহরে বিজিবিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বুধবার সন্ধ্যার পর ঢাকা ও চট্টগ্রামে বিজিবি মাঠে নামে। প্রতিটি জেলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসক চাহিদা দিলেই বিজিবি মাঠে দায়িত্ব পালন করবে।
বিজিবি সদর দফতরের জনসংযোগ দফতরের প্রধান মোহসীন রেজা বলেন, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি অন্য জেলাগুলোতে জেলা প্রশাসকদের চাহিদা অনুযায়ী বিজিবি মোতায়েন করা হবে।
