রাজধানীর পল্লবীর জনি হত্যা মামলায় পল্লবী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) রাশেদুল হাসান ও কামরুজ্জামান মিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লা এ আদেশ দেন।
এর আগে সকালে দুই আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছর ৯ ফেব্রুয়ারি নির্যাতন করে জনিকে হত্যার অভিযোগ ওঠে। এই অভিযোগে গত বছর ৭ আগস্ট ঢাকার মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলা করেন জনির ভাই ইমতিয়াজ হাসান। মামলার পরিপ্রেক্ষিতে গত বছর ১৯ নভেম্বর ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন এই দুই জনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
