ফিলিপাইনের ম্যানিলায় শুরু হওয়া অ্যাপেক (এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন) সম্মেলনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘চীনকে অবশ্যই দক্ষিণ চীন সাগরে বিরোধপূর্ণ জলসীমায় ভূমি পুনরুদ্ধার বন্ধ করতে হবে।’ এই সম্মেলনে জলসীমা-সংক্রান্ত বিরোধের বিষয়টি নিয়ে তিনি জোরালো ভূমিকা রাখবেন বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
ওবামা বুধবার বলেন, ফিলিপাইনকে আর্থিক এবং নৌবাহিনী সংক্রান্ত সহযোগিতার প্রতিশ্রুতি দেয়ার পরদিন তিনি এ কথা বললেন। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের জলসীমার দাবি নিয়ে আরো কয়েকটি দেশের মতো ফিলিপাইনের সঙ্গেও চীনের বিরোধ রয়েছে।
ওবামা গত মঙ্গলবার ম্যানিলায় অবতরণ করেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রের দেয়া ফিলিপাইনের নৌবাহিনীর জাহাজে যান। এই জাহাজটি স্পার্টলি দ্বীপপুঞ্জের চারপাশে অভিযান পরিচালনা করে। চীন ও ফিলিপাইন উভয়েই স্পার্টলি দ্বীপপুঞ্জের দাবি করে থাকে। ওই জাহাজেই ওবামা বলেন, ‘আমাদের একটি চুক্তির বাধ্যবাধকতা রয়েছে। সেটা হলো—আমাদের মিত্র ফিলিপাইনকে রক্ষা করার একটা লৌহকঠিন অঙ্গীকার।’
তিনি এ সময় সমুদ্র নিরাপত্তা বৃদ্ধি করতে ফিলিপাইনকে আরো দুটি জাহাজ এবং অর্থনৈতিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।
