হামলার হুমকিতে ২ ফরাসি বিমানের জরুরি অবতরণ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৯:৫৯
 
ফ্রান্সের প্যারিসগামী দুটি যাত্রীবাহী বিমান হামলার হুমকি পাওয়ার পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও কানাডায় জরুরি অবতরণ করেছে। বিমান দুটি  দেশগুলোর দুটি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। খবর আলজাজিরা ও রয়টার্সের।
 
ইতালি থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলাচলকারী এয়ার ফ্রান্সের বিমান দুটি মঙ্গলবার উড্ডয়নের পরই জরুরি অবতরণ করে। এয়ার ফ্রান্সের এয়ারবাস এ-৩৮০ ফ্লাইট নং ৬৫ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। হুমকি পাওয়ার পর বিমানটি সল্ট লেক সিটিতে জরুরি অবতরণ করে। ওই বিমানটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে ৪৯৭ জন আরোহী ছিল।
 
একই দিন অন্য আরেকটি বিমান কানাডা থেকে উড্ডয়নের পর হুমকির মুখে কানাডার হ্যালিফ্যাক্সে অবতরণ করতে বাধ্য হয়। এয়ার ফ্রান্সের ০৫৫ বিমানটিতে ক্রুসহ ২৯৮ জন যাত্রী ছিল।
 
ওই দুই বিমানের সব যাত্রী ও ক্রুকে নিরাপদে বিমানবন্দরে নামানো হয়েছে। তবে বিমান দুটিতে হামলার হওয়ার মতো কোনো আলামত পাওয়া গেছে কিনা, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি।
 
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে—টেলিফোনে হামলার হুমকি পাওয়ার পর বিমান দুটিকে জরুরি-ভিত্তিতে অবতরণ করানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ বিমানের সব যাত্রী এবং তাদের লাগেজ তল্লাশি করেছে। তারা ওই ফোনকলের উত্স খুঁজে বের করারও চেষ্টা চালাচ্ছে।
 
উল্লেখ্য, শুক্রবার প্যারিস হামলায় ১৩২ জন নিহত হন। ওই হামলায় দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরাক ও সিরিয়া ভিত্তিক ইসলামিক স্টেট (আইএস)।