'গল্পটা মুক্তির' নাটকে এবার তুখোড় সাংবাদিক হিসেবে দেখা যাবে নুসরাত ইমরোজ তিশাকে। তার বিপরীতে লেখক চরিত্রে রয়েছেন আরফান নিশো। আগামী বিজয় দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করেছেন গোলাম সোহরাব দোদুল।
পুবাইলে বিভিন্ন লোকেশনে নাটকের শুটিং হয়েছে। বুধবার এ প্রসঙ্গে নিশো জানান, 'পরশু নাটকটির শুটিং শুরু হয়েছিল। আজ শেষ হয়েছে। নাটকের গল্পটা অসাধারণ। পুবাইলে সেট এমনভাবে সাজানো হয়েছে দেখে চেনার উপায়ই নেই! নাটকটির কাহিনী হলো, হালের উঠতি লেখক আবির। ভালোলাগার জায়গা থেকেই লেখালেখি করেন। বোদ্ধামহলে তার পরিচিতও আছে মোটামুটি। ভালোবেসে বিয়ে করেন তিথিকে। তিথি তুখোড় সাংবাদিক। ভালোই চলছিল দুজনের সংসার। কিন্তু মাঝখানে আর্থিক অনটন দানা বাঁধে সংসারে। প্রেমের সুতোয় একটু টান পড়ে। দুজনেই অনুভব করে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়না। কিন্তু টাকা কই?
ঘটনাক্রমে পত্রিকায় একটি বিজ্ঞপ্তি আবিরের চোখে পড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প লেখা প্রতিযোগিতা। প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা। তিথিকে না জানিয়েই একটা গল্প পাঠিয়ে দেয় আবির। তার ভাবনা, টাকাটা পেলে তিথিকে নিয়ে সমুদ্রে ঘুরতে যাবে। একই ঘটনা ঘটে তিথির ক্ষেত্রেও। সেও আবিরকে না জানিয়ে একটি গল্প লিখে পাঠিয়ে দেয়।
প্রতিযোগিতায় দ্বিতীয় হয় আবির। পায় ত্রিশ হাজার টাকা। সে একজন দুঃস্থ মুক্তিযোদ্ধাকে টাকা দিয়ে দেয়। ঘটনাটি জানার পরই স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে যায় তিথির। পরে জানা গেলো, সেই প্রতিযোগিতার প্রথম হয়েছিলেন তিথি। সেও তার টাকাটা আবিরকে না জানিয়েই মুক্তিযোদ্ধাকে দিয়ে দেয়। ঘটনার পর থেকে দু’জনের প্রতি দুজনের ভালোবাসাটা আরো গাঢ় হয়।
বিজয় দিবস উপলক্ষে একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।
