সুইডেনের কর্মসংস্থান সংক্রান্ত উপমন্ত্রী ইরেনে ওয়েনেমো তিন দিনের বাংলাদেশ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন। সফরে এসে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরামের বৈঠকে অংশ নেন তিনি।
জেন্ডার ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক বৈঠকে ইরেনে বাংলাদেশে জেন্ডার সমতা আনয়নে সুইডেনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে জেন্ডার সমতা ও টেকসই উন্নয়নে অংশ নিতে পেরে সুইডেন গর্বিত। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দারিদ্র মোকাবেলা ও আর্থ সামাজিক উন্নয়নে সুইডেন কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
IMG0
জেন্ডার ও অর্থনৈতিক উন্নয়নে শ্রম বাজারে নারীদের অংশগ্রহণের ওপর জোর দেন ওয়েনেমো। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও নারী পুরুষের সমতা বিধানে নারীদের কর্মমুখী হওয়ার ওপর জোর দেন তিনি। তিনি বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন একটি মানবাধিকার ও সামাজিক ন্যয়বিচার। দারিদ্র হ্রাসের ফলে শিক্ষা ও শিশুস্বাস্থে এর বহুমুখী প্রভাব রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সেন্টার অব এক্সিলেন্স ফর দ্য বাংলাদেশে অ্যাপারেল ইন্ডাস্ট্রির ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন। এটি জাতিসংঘের শ্রম সংস্থার (আইএলও) মাধ্যমে সুইডেন সরকার ও এইচ এন্ড এম এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। এসময় তিনি বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানের সঙ্গে দেখা করেন। -প্রেস বিজ্ঞপ্তি
