নতুন রূপে দেশে ফিরলেন শাবনুর

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ২২:০৪
 
শেষবার অনেকদিন পর দেশে ফিরেছিলেন ঢালিউড তারকা শাবনুর। এসে নিজের ফিটনেস ঠিক করা নিয়ে ব্যস্ত ছিলেন অনেকদিন। এছাড়া দেশ ছাড়ার আগে একটি ছবির শুটিংয়েও অংশ নিয়েছিলেন তিনি। তবে মাঝে আবারও অস্ট্রেলিয়ায় পাড়ি জমান শাবনুর।
 
দুই মাস সেখানে থাকার পর গত ১৫ নভেম্বর দেশে ফিরেছেন তিনি। গতবার ফিটনেসের খুব একটা উন্নতি না করতে পারলেও এবারে শরীরের মেদ অনেকটাই কমিয়েছেন তিনি। মূলত শারীরিক ফিটনেস ঠিক করার জন্য অস্ট্রেলিয়ায় যান তিনি।
 
গত ১ সেপ্টেম্বর তিনি আগের অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এর শুটিং শেষ করেন। আর এবার আবারও আগের অসমাপ্ত ছবিগুলোর শুটিং শেষ করার পাশাপাশি নতুন চুক্তিবদ্ধ ছবিগুলোর কাজ শুরু করবেন শাবনুর।