বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকরা যাচ্ছেন ২২-২৬ নভেম্বর

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৫:৩৫

 

বিলুপ্ত ছিটমহলের নতুন ভারতীয় নাগরিকরা স্থায়ীভাবে ভারতে চলে যাচ্ছেন। আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত মোট চারদফায় নবজাতকসহ এক হাজার ৩ জন ভারতে চলে যাবেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নির্ধারিত সময়ে কেউ যেতে না পারলে ৩০ নভেম্বরের মধ্যে পঞ্চম দফায় তাদের ভারতে পাঠানো হবে।

 

এর আগে নতুন ভারতীয় নাগরিকদের ভারতে যাওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হলেও ভারতের প্রস্তুতি না থাকায় ঐ সিডিউল স্থগিত করা হয়।

 

পঞ্চগড় জেলা প্রশাসনের সূত্রমতে, পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের ৯৮টি পরিবারের দুইজন নবজাতকসহ ৪৮৯ জন ভারতীয় নাগরিক স্থায়ীভাবে ভারত চলে যাচ্ছেন। এর মধ্যে ২২ নভেম্বর প্রথম দফায় পঞ্চগড়ের গারাতি নাটকটোকা, বেহুলাডাঙ্গা, কাজলদিঘী ও নাজিরগঞ্জ ছিটমহলের ১৫টি পরিবারের ৫৫ জন ভারতীয় নাগরিক নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটী-হলদিবাড়ী সীমান্তপথে ভারতে চলে যাবেন। তাদের আগের দিন বোদা উপজেলা কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদে মালামালসহ হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

 

২৩ নভেম্বর দ্বিতীয় দফায় একই রুট দিয়ে ভারতে যাবে ৩১টি পরিবারের ১৭৭ জন। তাদের আগের দিন দেবীগঞ্জের গাজোকাটি বাজার মাঠে উপস্থিত হতে হবে।

 

২৪ নভেম্বর তৃতীয় দফায় ২৯টি পরিবারের একজন নবজাতকসহ ১৪৯ জন ভারতে যাবেন। তাদের আগের দিন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।

 

সর্বশেষ ২৬ নভেম্বর ২৩টি পরিবারের ১০৮ জন সদস্য ভারতে চলে যাবেন। তাদেরকেও আগের দিন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মালামালসহ উপস্থিত হওয়ায় নির্দেশ দেয়া হয়েছে।

 

এই সময়ের মধ্যে লালমনিরহাট জেলার অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহলের  ৪০টি পরিবারের ১৯৭ জন নতুন ভারতীয় নাগরিককে বুড়িমারী-চ্যাংরাবান্ধা সীমান্ত রুট দিয়ে এবং কুড়িগ্রাম জেলার অভ্যন্তরের দুটি বিলুপ্ত ছিটমহলের ৬২টি পরিবারের ৩১৭ জন নতুন ভারতীয় নাগরিককে বাঘভান্ডার-সাহেবগঞ্জ রুট দিয়ে ভারতে পাঠিয়ে দেয়া হবে বলে জানা গেছে। এরপরই বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত বিলুপ্ত ১১১টি ছিটমহলের এক হাজার তিনজন নব্য ভারতীয় নাগরিকের ছিটমহল জীবনের অবসান ঘটবে।

 

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন জানিয়েছেন, এসব ভারতীয় নাগরিকদের ভারতে পাঠিয়ে দেয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত দিনে তাদের নির্দিষ্ট পয়েন্ট থেকে গাড়িযোগে মালামালসহ তাদের সীমান্তের অস্থায়ী ক্যাম্পে পৌঁছে দেয়া হবে। সেখান থেকে তাদের ভারতীয় কর্তৃপক্ষ তাদের গাড়িতে করে নিয়ে যাবে।