ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাওনা টাকার বিরোধ জের ধরে আব্দুল ওহাব (৬৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন।শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
ধরখার ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান, গত দেড় মাস আগে আব্দুল ওহাব তিন লাখ টাকা ব্যবসা করার জন্য ধার দেন একই এলাকার চান মিয়ার ছেলে হানিফ মিয়াকে। পরে পাওনা টাকা নিয়ে দুইজনের মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য বিরোধ চলে আসছিল। ১৫ দিন আগে টাকা ফেরত দেওয়ার দিনক্ষণ থাকলেও হানিফ ওই টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। পরে দুইজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হানিফ পাওনাদার ওহাবের শরীরে আঘাত করে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি মারা যান।
আরও পড়ুন: ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনা: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
তিনি আরও জানান, নিহতের পক্ষ থেকে কোনো লিখিত পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মরদেহটি ময়নাতদন্তের জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আখাউড়া থানার ওসি তদন্ত আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
