ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক লাভ, সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা যা দক্ষিণ এশিয়ায় উন্নয়নের একটা অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে। গতকাল বুধবার ক্যাভালরি মেমোরিয়াল বক্তৃতা দেওয়ার সময় তিনি এই কথা বলেন।
ভারতের প্রথম বাঙ্গালি প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ক্যাভালরি অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এই বক্তৃতায় তিনি সার্ক ভুক্ত দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার করতে আহ্বান জানান। তিনি বলেন, ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। এই সম্পর্ক পারস্পরিক স্বার্থরক্ষা, সমতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দেশের চেয়ে বেশি কিছু উল্লেখ করে তিনি বলেন, ভারত ও বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়। আমরা ইতিহাস, ধর্ম, সংস্কৃতি, ভাষা ও আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। আমাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নয়নের চিত্রটা অনেকের জন্য উদাহরণ হতে পারে।
ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের দিক দিয়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় বলে উল্লেখ করেছেন তিনি। প্রণব মুখার্জি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা সব সময় বিশ্বাস করি শক্তিশালী ও উন্নত প্রতিবেশী আমাদের জাতীয় স্বার্থের অনুকূল। বাংলাদেশের সঙ্গে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে সম্পর্ক উন্নতি করে নতুন ভবিষ্যৎ তৈরি করতে হবে।
ভারতের প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে সড়ক, রেল ও নৌপথে যোগাযোগের পাশাপাশি পেট্রোলিয়াম পাইপলাইন ও ডিজিটাল লিংক প্রতিষ্ঠা করার আহ্বান জানান। বাংলাদেশ, নেপাল, ভুটানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিতে বলেছেন তিনি। দক্ষিণ এশিয়াকে একটি সংযুক্ত বাজারে পরিণত করতে হবে। ভারতীয় ও বাংলাদেশী ব্যবসায়ীরা ইতোমধ্যে তৈরি পোশাক, টেক্সটাইলস, চামড়া ও ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে একে অপরের সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ অনেক কর্মসংস্থান প্রাযুক্তিক উন্নয়নের সুযোগ সৃষ্টি করবে বলে আশা পোষণ করেছেন প্রণব মুখার্জি।
ভারতীয় প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক সবসময় এমন বিশেষ কিছুই থাকবে। উন্নয়ন, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পাশাপাশি দারিদ্র, সন্ত্রাসবাদ ও মৌলবাদের বিরুদ্ধে একযোগে এই দুই দেশ লড়াই করবে। এএনআই।
