শীত মৌসুম শুরু না হতেই ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাটসহ বিভিন্ন নৌ-রুটে ১১ ঘণ্টা ফেরি লঞ্চ-কার্গো, নৌকা ইত্যাদি চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ৪ ঘন্টা ও বৃহপতিবার মাঝ রাত থেকে ৭ ঘন্টা ঐ সকল রুটে নৌ-যান চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি এ সকল রুটে ঘন কুয়াশায় ফেরি চলাচলের সুবিধার্থে 'ফগ লাইট' লাগালেও তা কাজে আসছে না। জানা গেছে, প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দ্রুত পানি কমতে থাকায় ডুবো-চরের সৃষ্টি হয়েছে। সরু চ্যানেল যোগে ফেরি-লঞ্চ চলাচলের জন্য পাটুরিয়া ও আরিচা পয়েন্টে ড্রেজিং শুরু হয়েছে। তা সত্ত্বেও ঘন কুয়াশায় সরু ও অগভীর চ্যানেল যোগে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। এতে, উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রী সাধারণ চরম দুর্ভোগ পোহায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত দু’ দিনে ঘন কুয়াশায় বহরের ১৬টির মধ্যে অন্তত ৯টি ফেরি মাঝ পথে আটকা পড়ে ও বাকিগুলো ঘাটে নোঙর করে থাকে।
বিআইডব্লিউটিসি'র জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন সাখাওয়াত সরকার ইত্তেফাককে জানান, বহরের ১০টি ফেরিতে ৭ হাজার ওয়াট বিশিষ্ট উজ্জল আলোর বাতি ও কুয়াশায় ব্যবহারযোগ্য ফগ লাইট লাগানো হয়েছে। এগুলো সল্প কুয়াশায় স্বাভাবিক কার্যকর থাকলেও ভারি কুয়াশায় কোন কাজে আসছে না।
বিমান বা হেলিকপ্টারে ব্যবহৃত ইনফ্রারেড ক্যামেরার ন্যায় ফেরিতেও এ সকল আধুনিক যন্ত্রপাতি যুক্ত হলে ফগ লাইট কার্যকর করা যাবে বলে জানায় তারা। সূত্র জানায়, গতবছর নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এ রুটে ঘন কুয়াশায় ফেরি আটকা পড়ায় ফগ লাইট লাগানোর নির্দেশ দেন। প্রতিটি ফগ লাইট প্রায় ৬৫ লাখ টাকা মূল্যে ক্রয় করা হয়। কিন্তু, লাইটের সঙ্গে অত্যাধুনিক ক্যামেরা সংযোজন না করায় তা কোন কাজে আসছে না।
