ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বৃহস্পতিবার ফ্রান্সের ওপর ‘জৈব ও রাসায়নিক অস্ত্র’ ব্যবহার করে হামলার বিপদ সম্পর্কে হুঁশিয়ারি জানিয়েছেন ।
জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির ব্যাপারে বিতর্ক চলাকালে আইন প্রণেতাদের উদ্দেশ্যে ভাষণে তিনি এ হুঁশিয়ারি জানান।
ভালস বলেন, আমাদের কোন ধরনের ঝুঁকির সম্ভাবনাই উড়িয়ে দেয়া উচিত নয়। তিনি আরো বলেন, ফ্রান্সের বিরুদ্ধে জৈব ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও রয়েছে। প্যারিসে ইসলামি চরমপন্থিদের হামলার প্রেক্ষিতে ফ্রান্সে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হয়।
এদিকে পার্লামেন্টে এই বক্তব্য রাখার পরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ব্যাখ্যা দেওয়া হয় যে প্যারিস হামলা প্রেক্ষিতেই নয়, ফ্রান্সে রাসায়নিক বা জৈব সন্ত্রাসী হামলার ঝুঁকি আগে থেকেই ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যকে একটি বাস্তবসম্মত পর্যবেক্ষণ উল্লেখ করে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ফরাসি পত্রিকা লে মন্দেকে সরকারের একজন মুখপাত্র বলেন, মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা জানেন যে ইসলামিক স্টেট রাসায়নিক অস্ত্র খোজ ও ব্যবহার করার চেষ্টা করছে। এই সম্ভাবনাটি বিবেচনা না করলে ভুল হবে। বাসস ও গার্ডিয়ান।
