চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহিতা

দুদক আইনের ১২(২) ধারা অবৈধ: হাইকোর্ট

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৭:২১
 
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে সংস্থার কমিশনারদের জবাবদিহিতা সংক্রান্ত ১২(২) ধারাটি অবৈধ ও বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট। এক রিট আবেদনের রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
 
২০০৪ সালের দুদক আইনের ১২(২) ধারায় বলা হয়েছে, ‘চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে।’
 
এই ধারাটি দুদক আইনের অন্যান্য ধারার সঙ্গে সাংঘর্ষিক ও অসামঞ্জস্যপূণ্য দাবি করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. কামাল হোসেন। আবেদনে বলা হয়, আইন অনুযায়ী দুদক একটি স্বাধীন সংস্থা। আইনের ১৫ ধারা অনুযায়ী, এর সব সিদ্ধান্ত হবে কমিশন সভায়।
 
এ ছাড়া, ৫ ধারায় বলা হয়েছে, কমিশনের সদস্য সংখ্যা হবে তিনজন, তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেবেন। কিন্তু কমিশনারদের যদি চেয়রাম্যানের কাছে দায়বদ্ধ রাখা হয়, তাহলে স্বাধীন সংস্থা হিসেবে এ প্রতিষ্ঠানের কাজ বাধাগ্রস্ত হবে।
 
গত ১৪ জুন হাইকোর্ট দুদক আইনের ১২(২) ধারা কেন বেআইনি ও বাতিল ঘোষণা করা হবে না মর্মে রুল জারি করে। ওই রুলের ওপর দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এবং আবেদনকারী নিজেই আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি নিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে।
 
পরে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, হাইকোর্ট দুদকের ১২(২) ধারা অবৈধ ও বাতিল ঘোষণা করেছে। ফলে সংস্থাটির চেয়ারম্যানের কাছে কমিশনারদেরকে জবাবদিহিতা করতে হবে না।