‘নারী-পুরুষের মধ্যে বৈশ্বিক বেতন বৈষম্য ১১৮ বছরেও বন্ধ করা সম্ভব নয়’ বলে মনে করে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)। শুধু তাই নয়, অন্যান্য ক্ষেত্রেও লিঙ্গ বৈষম্য এখনো বজায় রয়েছে। বিশ্বের প্রতিটি দেশে পুরুষ ও নারী সমান অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করছে কিনা—এ নিয়ে গবেষণা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে। খবর বিবিসির।
স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক অংশগ্রহণ এবং রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে নারী-পুরুষের অবস্থান পর্যবেক্ষণের লক্ষ্যে গবেষণাটি চালায় সংস্থাটি। এতে বলা হয়, পারিশ্রমিক বৈষম্য ২১৩৩ সালেও কমানো অসম্ভব। গ্লোবাল জেন্ডার গ্যাপ প্রতিবেদনে আরো দেখা যায়, ২০০৬ সাল অর্থাত্ ১০ বছর আগে পুরুষেরা যে পরিমাণ আয় করতো বর্তমানে নারীরা সেই পরিমাণ অর্থ আয় করছে। বর্তমানে বৈশ্বিকভাবে নারী যখন গড়ে ১১ হাজার ডলার আয় করছে, সেখানে পুরুষের আয় ২০ হাজার ৫০০ ডলার অর্থাত্ প্রায় দ্বিগুণ। সাম্প্রতিক সময়ে কর্মক্ষেত্রে নারীদের প্রবেশাধিকার যখন ক্রমেই বাড়ছে, তখন এ ক্ষেত্রে বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে উন্নয়ন যেন থমকে রয়েছে। গত এক দশক আগের চেয়ে এখন ২৫ কোটির বেশি নারী কর্মক্ষেত্রে রয়েছেন।
তবে একটা ভালো দিক হচ্ছে, বেশ কয়েকটি দেশে নারীরা পুরুষের চেয়ে শিক্ষা ক্ষেত্রে এগিয়ে রয়েছেন। তার পরও তারা কোনো গুরুত্বপূর্ণ বা নেতৃস্থানীয় পদে আসীন নয়। বিশ্বের ৯৮টি দেশেই উচ্চশিক্ষা ক্ষেত্রে নারীরা পুরুষের চেয়ে এগিয়ে, যা গত এক দশক আগেও অনুপস্থিত ছিল। কাতারে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীর সংখ্যা পুরুষের চেয়ে ৬ গুণ বেশি এবং বারবাডোস ও জ্যামাইকায় আড়াই গুণ বেশি।
IMG0
এদিকে, লিঙ্গ বৈষম্য সার্বিকভাবে শেষ করে আনতে নর্ডিক দেশগুলো ভালো অবস্থানে রয়েছে। এই দেশগুলো সর্বক্ষেত্রে সমানাধিকার নিশ্চিত করতে না পারলেও ১৪৫টি দেশের মধ্যে আইসল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড এবং সুইডেন সর্বোচ্চ অবস্থানে রয়েছে। অর্থাত্, আইসল্যান্ড প্রথম অবস্থানে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে নরওয়ে। বর্তমানে নেতৃস্থানীয় লেখক সাদিয়া জাহিদি বলেন, এসব দেশে পরিবারগুলোর জন্য বিশ্বের সর্বোচ্চ ভালো নীতি গ্রহণ করা হয়েছে। তাদের শিশু পরিচর্যা এবং পিতৃ, মাতৃ ও পরিবারের ছুটির ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ-সুবিধা দিয়ে আইন তৈরি করা হয়—বলেন তিনি।
এছাড়া, তালিকায় রুয়ান্ডা (অবস্থান:৬) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ওপরে রয়েছে। এ দেশে পার্লামেন্টে শতকরা ৬৪ ভাগ নারী রয়েছে এবং শ্রমশক্তিতে পুরুষদের থেকে বেশি নারী কাজ করে।
