চুরি যাওয়া গ্রিক পাসপোর্টসহ ধরা পড়ল পাঁচ সিরীয় নাগরিক। হন্ডুরাসের রাজধানী তেগুচিগালপার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। তাদের উদ্দেশ্য ছিল স্থলপথে যুক্তরাষ্ট্রে প্রবেশ। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, এদিন রাতে এল সালভেদর থেকে রাতে হন্ডুরাস বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের আটক করা হয়।
পুলিশের বিশেষ বাহিনীর প্রধান আনিবাল বেকা বলেছেন, তারা গ্রীসের কাছ থেকে এ সম্পর্কে তথ্য পেয়েছেন।
হন্ডুরাসে গ্রিক কূটনীতিক বলেছেন, আটককৃতদের কেউই গ্রিক ভাষায় কথা বলতে পারেন না।
পুলিশ আরো জানিয়েছে, তারা উত্তরাঞ্চলীয় শহর সান পেড্রো সুলায় যাওয়ার পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল সেখান থেকে গুয়েতেমালা যাওয়া এবং পরে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র সীমান্তে পৌঁছানো।
বেকা জানিয়েছেন, গ্রীসের রাজধানী এথেন্স থেকে পাসপোর্ট হারানোর কথা তারা জানতে পেরেছে।
এ দিকে, এ ঘটনার তদন্তে ইন্টারপোল হন্ডুরাস পুলিশকে সহায়তা করবে বলে জানা গেছে।
অন্যদিকে শুক্রবার ফ্রান্সে হামলার পর থেকে যুক্তরাষ্ট্রে মধ্যপ্রাচ্য থেকে আগত শরণার্থীদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন রাজনীতিবিদরা।
