যুক্তরাষ্ট্রের আদলে 'ট্যাক্স ডে' চান অর্থমন্ত্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৭:৪৮
 
যুক্তরাষ্ট্রের আদলে সারাদেশে একদিনে কর নেওয়ার জন্য একটি ফিক্স ডে নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতিবছর আয়কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার সময় বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে যুক্তরাষ্ট্রের আদলে 'ট্যাক্স  ডে' চালুর ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নির্দেশনা দিয়েছেন তিনি।
 
বৃহস্পতিবার সকালে রাজধানীর  বেইলি  রোডের অফিসার্স ক্লাবে তিন দিনব্যাপী (১৯-২১ নভেম্বর) শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন। এ সময় যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, অনেক  দেশ আছে  যেখানে একটি 'ফিক্সড ডে'তে কর দিতে হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ১ এপ্রিল সবাই কর দেয়। বহু বছর ধরে এর প্রচলন আছে, কোনো পরিবর্তন হয় না।
 
অর্থমন্ত্রী বলেন, কর দেওয়ার জন্য আমাদেরও এরকম একটি 'ফিক্সড ডে' (নির্দিষ্ট দিন বা দিবস) নির্ধারণ করে দেওয়া উচিত। যেখানে আর সময় বাড়ানোর প্রয়োজন হবে না।
 
তিনি বলেন, 'ওয়ান ট্যাক্স ডে ফিক্স ফর হোল কান্ট্রি। আপনারা (এনবিআর) সময় নেন। দুই বা তিন বছরের মধ্যে এটা করে  ফেলা যেতে পারে। ২০১৮ সালে আমরা এই ব্যবস্থা চালু করতে চাই।'
 
বছরের নির্দিষ্ট দিনে আয়কর বিবরণী জমা  দেওয়ার উদাহরণ টানতে গিয়ে যুক্তরাষ্ট্রে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন মুহিত। তিনি বলেন, আমেরিকায় ১ এপ্রিল সবাই রিটার্ন দাখিল করে থাকে। আমি নিজে আমেরিকায় ৭/৮ বার রিটার্ন দিয়েছি। সেখানে আমাদের মত টাইম এক্সটেনশন করার দরকার হয় না। আমার মনে হয়, আমাদেরও সেরকম করার দিন চলে এসেছে।
 
এনবিআর  চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন,সুষ্ঠু ও করবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে মানুষ যে কর দিতে আগ্রহী হয় এই মেলা তার সফল উদাহরণ। মানুষ মেলায় এসে কর দিয়ে যাচ্ছে এটা ব্যাপক সফলতা। কর কর্মকর্তাদের সেবামূলক মনোভাবের কারণেই এটা সফল হয়েছে। তবে বাংলাদেশের উন্নয়নের লক্ষ্য অর্জন করতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব সংগ্রহ বাড়াতে হবে। রাজস্ব সংগ্রহে বাংলাদেশ অনেক পেছনে আছে। জিডিপির ৩ শতাংশের একটু বেশি রাজস্ব আসে, এটা অনেক কম। এ জন্য করদাতার সংখ্যাও বাড়ানো দরকার।
 
এসময় করদাতাদের সেবায় ওয়ান স্টপ সার্ভিস ব্যবস্থা আরো বাড়ানোর পরামর্শ দেন নাজমুল হাসান। রাজধানীর অফিসার্স ক্লাব ও উত্তরা ১৩ নম্বর  সেক্টরে কর অঞ্চল-৯ প্রাঙ্গণে এবং বিভাগীয় শহর চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুরে আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা।
 
মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে ২০১৫-১৬ করবর্ষের আয়কর বিবরণী জমা দেওয়া যাচ্ছে। একইসঙ্গে নতুন ই-টিআইএন নেওয়া যাচ্ছে এবং যাদের ই-টিআইএন আছে তারা পুনর্নিবন্ধন করতে পারছেন। ২০১০ সাল  থেকে সেপ্টেম্বরে মাসে সপ্তাহব্যাপী আয়কর মেলার আয়োজন করে আসছে এনবিআর।
 
শীতকালীন এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ছাড়া ইউএস ডলার প্রিমিয়াম ও ইনভেস্টমেন্ট বন্ডে ১০ লাখ ডলার বিনিয়োগ করার জন্য চারজনকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ  ব্যক্তি) কার্ড দেন অর্থমন্ত্রী। তারা হলেন- জয়নূল হক শিকদার, মনোয়ারা শিকদার, রিক হক শিকদার ও মো. আফতাব হোসেন।
 
অনুষ্ঠানে এনবিআর সদস্য আব্দুর রাজ্জাক ও মেলা কমিটির আহ্বয়ক কর কমিশনার জিয়াউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।চলতি অর্থবছরে বাজেটে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আয়কর থেকে সবচেয়ে বেশি ৬৫ হাজার ৯৩২ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে, যা মোট রাজস্ব আয়ের ৩৭ দশমিক ৩৮ শতাংশ। এনবিআর'র হিসাবে দেশে টিআইএনধারী আছেন প্রায় ১৮ লাখ। তাদের সবাই নিয়মিত আয়কর বিবরণী জমা দেন না। প্রায় ১৩ লাখ করদাতা আয়কর বিবরণী জমা দেন।