‘ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে প্রকৃত আন্তর্জাতিকভাবে জোটবদ্ধ হতে চাইলে পশ্চিমাদের সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি ছাড়তে হবে’ বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। খবর রয়টার্সের।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠককালে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেছেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজোট হতে কোনো পূর্বশর্ত যে গ্রহণযোগ্য নয়, সে ব্যাপারে এখন আর সন্দেহের কোনো অবকাশ নেই।’
প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া সংকট অবসান নিয়ে আলোচনায় রাশিয়ার ভূমিকার প্রশংসা করেন এবং মস্কো ইরাক ও সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে হামলা চালালে দেশটির সঙ্গে আরো ভালো সম্পর্ক গড়ার প্রস্তাব দেন। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের রাজনৈতিক ভবিষ্যত্ এবং তার সমর্থনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর বিষয়টি নিয়ে মতভেদ এখনও কাটেনি বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যে সিরিয়ার ঘনিষ্ঠ মিত্রদেশ রাশিয়ার সঙ্গে আসাদের ভবিষ্যত্ নিয়ে বরাবরই দ্বন্দ্ব চলে আসছে। মস্কো বলছে, আসাদ ক্ষমতা ছাড়বেন কিনা সে সিদ্ধান্ত নেবে সিরীয় জনগণ। কিন্তু পশ্চিমা ও এর মিত্রদেশগুলো চায় রাজনৈতিক উত্তরণ প্রক্রিয়ার সময়টিতে কিংবা এর পরবর্তী সময়ে আসাদ পদত্যাগ করুক।
গত সপ্তাহে প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে কূটনৈতিক সমাধানের বিষয়টি জোরদার হয়েছে। এই হামলার কারণে সিরিয়ায় গৃহযুদ্ধ কূটনৈতিক উপায়ে মীমাংসার প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে।
সিরিয়ায় আইএস আগ্রাসনের পর ২ লাখ ৫০ হাজারের বেশি লোক বাসস্থান ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে। জিহাদি গোষ্ঠীটি সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ওই অংশগুলোতে কঠোর শরিয়া আইন চালু করেছে আইএস।
