বার্সেলোনার সাবেক অধিনায়ক ও সম্প্রতি কাতারের আল সাদে যোগ দেওয়া জাভি হার্নান্দেজ মনে করেন ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। কিংবদন্তি এই মিডফিল্ডার মনে করেন বদলে যাওয়া ফুটবল বিশ্বে মেসি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে ও স্বদেশী আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন।
আসছে জানুয়ারিতে মেসি প্রায় নিশ্চিত ভাবেই পঞ্চম ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি জিততে যাচ্ছেন। তার অসাধারণ নৈপুণ্যে গত মৌসুমে বার্সেলোনা লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ কোপা দেল রে জিতেছে। মেসির বদৌলতেই ট্রেবল জিতে বার্সেলোনা থেকে স্মরণীয় এক বিদায় নিয়েছেন জাভি। মেসি যে এই প্রজন্মের সেরা খেলোয়াড় তাতে খুব বেশি দ্বিমত করার কেউ নেই। তবে জাভি মনে করেন যে মেসি শুধু তার প্রজন্মেরই নয়, সর্বকালের সেরা ফুটবলার। তিনি বলেন, পেলে ও ম্যারাডোনা একটি বড় পার্থক্য তৈরি করতে পারতো, কিন্তু ফুটবল পরিবর্তন হয়েছে। এখনকার খেলোয়াড়েরা আগের চেয়ে ভালো এবং খেলাটাও আগের চেয়েও উন্নত হয়েছে। শারীরিক ভাবে, কৌশলগত ভাবে এবং মানসিকতার দিক দিয়ে ফুটবল এখন আগের যেকোনো সময়ের চেয়ে ভালো। এবং মেসি ফুটবলের সেরা সময়ে সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
মেসির সেরা সময়েও দুটি ব্যালন ডি অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই মেসিকে আরো ভালো খেলোয়াড়ে পরিণত করেছে বলে মনে করেন জাভি। তিনি বলেন, রোনালদোকে ছাড়া মেসি কখনো এত ভালো খেলোয়াড় হতো না। সে এতগুলো ব্যালন ডি অর জিততো না এবং আমি মনে করি রোনালদোও সেগুলো জিততে পারতো না। তারা একজন আরেকজনকে আরো ভালো খেলোয়াড় হিসেবে পরিণত করে। এই দুইজনই দারুণ গোল স্কোরার হলেও মেসি দলের খেলায় অনেক বেশি অবদান রাখে। গোল ডটকম।
