পেলভিসে অস্ত্রোপচারের কারণে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এসি মিলান তারকা মারিও বালোতেল্লি। মিলানের পক্ষ থেকে জানানো হয়েছে, মিউনিখে বালোতেল্লির অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চার সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে।
এদিকে ইনস্টাগ্রামে বালোতেল্লি লিখেছেন, সবই হয়েছে, সব কিছু ঠিক আছে, শিগগিরই ফিরে আসছি। লিভারপুল থেকে ধারে সিরি আ-তে খেলতে এসে এসি মিলানের হয়ে মাত্র চারটি ম্যাচে মাঠে নেমে একটি গোল করেছেন বালোতেল্লি। সর্বশেষ তিনি ২৭ সেপ্টেম্বর মিলানের হয়ে মাঠে নেমেছিলেন।
এদিকে এখনো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ইতালিয়ান স্কোয়াডে নাম লেখানোর স্বপ্ন দেখা বালোতেল্লির জন্য মৌসুমের দ্বিতীয় ভাগটা বেশ গুরুত্বপূর্ণ। বড়দিনের ছুটি কাটিয়ে নিজেকে প্রমাণের জন্য তাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। গত বছর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরে এখন পর্যন্ত আজ্জুরিদের হয়ে খেলতে পারেননি বালোতেল্লি। বাসস।
