প্যারিস হামলা

পরিকল্পনাকারীর মৃত্যুর সত্যতা স্বীকার ফ্রান্সের

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৯:৪৫

ফ্রান্সে হামলা পরিকল্পনাকারী আবদেল হামিদ আবু ওউদ গতকাল বুধবার প্যারিসের সেন্ট ডেনিসে পুলিশি অভিযানে নিহত হয়েছে। পুরো একদিন জল্পনা-কল্পনা ও ফরেনসিক পরীক্ষার পরে ফরাসি প্রসিকিউটর এই খবর নিশ্চিত করেছে।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে আবদেল হামিদ আবু ওউদের নিহত হওয়ার কথা জানিয়ে ছিল।

এর আগে জঙ্গি হামলায় জড়িতদের খোঁজে বুধবার প্যারিসের উপকণ্ঠে সেন্ট ডেনিস এলাকার একটি ফ্ল্যাটে পুলিশ অভিযান চালালে বিস্ফোরণ ও গোলাগুলিতে দুইজন নিহত হন। নিহতদের একজন সন্দেহভাজন এক নারী।  বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটিয়ে তিনি আত্মহত্যা করেন। প্যারিস হামলার পরিকল্পনাকারী মরোক্কান বংশোদ্ভূত বেলজিয়ান নাগরিক আবদেল হামিদ আবু ওউদ ওই ভবনে অবস্থান করছেন খবর পেয়েই সেখানে অভিযানে গিয়েছিল ফ্রান্সের নিরাপত্তা বাহিনী।
 
সেখানে আরেকজন সন্দেহভাজন নিহত হন পুলিশের গুলিতে। বুলেটে ক্ষত বিক্ষত সেই মৃতদেহের সঙ্গে ত্বকের নমুনা মিলিয়ে দেখে নিশ্চিত হওয়ার পরে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে যে এটি হামলার মূল পরিকল্পনাকারী আবদেল হামিদ আবু ওউদের দেহ। আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, অভিযান পরিচালনার সময়ে নিহত আবদেল হামিদ আবু ওউদের দেহ আনুষ্ঠানিক ভাবে শনাক্ত করা হয়েছে। এই দেহ আমরা গুলিতে ছিন্ন-ভিন্ন অবস্থায় আমরা উদ্ধার করেছিলাম অ্যাপার্টমেন্ট থেকে।
 
 সেন্ট ডেনিস সাত ঘণ্টার ওই অভিযানে ফরাসি পুলিশ পাঁচ হাজারেরও বেশি বুলেট খরচ করেছিল। বিস্ফোরণ আর গুলিতে ওই ফ্ল্যাটের এমন অবস্থা হয়েছে যে সেখানে তল্লাশি চালিয়ে তথ্য পাওয়া অনেক কঠিন হয়ে গিয়েছিল যার জন্য এই খবর নিশ্চিত করতে এত সময় নেয়া হয়েছে।
 
গত অাগস্টে প্যারিসে দ্রুতগতির একটি ট্রেনে হামলা এবং এপ্রিলে একটি চার্চে বানচাল হয়ে যাওয়া হামলা পরিকল্পনার সঙ্গেও আবু ওউদের যোগসূত্র ছিল বলে দাবি করেছে ফরাসি কর্তৃপক্ষ।
 
প্যারিসের বিদ্রূপ ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে সন্ত্রাসী হামলার পর জানুয়ারিতে ফরাসি কর্তৃপক্ষ আবু ওউদকে বেলজিয়ামের একটি সন্ত্রাসী সেলের হোতা হিসেবে চিহ্নিত করে এবং চক্রটিকে ধ্বংসের চেষ্টা চালায়। ওই সময় সন্ত্রাস দমন বিভাগের অভিযানে বেলজিয়াম থেকে ১৩ জঙ্গিকে আটক করা হয়। যদিও আবু ওউদ থেকে যান ধরা-ছোঁয়ার বাইরে।
 
চলতি বছরের শুরুতে বেলজিয়ামের গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, আবু ওউদ সিরিয়ায় ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছেন। আইএসের প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখার পর বেলজিয়ামের নিরাপত্তা বাহিনী তার সম্পর্কে জানতে পারে। ওই ভিডিওতে একটি গাড়ির চাকা দেখা যায়; যে গাড়িতে করে আবাউদ ক্ষত-বিক্ষত লাশের স্তূপ নিয়ে গণকবরের দিকে যাচ্ছিলেন।
 
 
ফ্লেমিশ ভাষার চ্যানেল 'ভিটিএম' তাদের প্রতিবেদনে বলেছে, জানুয়ারিতে বেলজিয়ামের ভারভিয়ার্স শহরে সন্ত্রাস দমন অভিযানের সময় অস্ত্রধারী দুই জঙ্গি নিহত হন। তাদের একজন আবু ওউদের ভাই এবং গ্রিস থেকে আবু ওউদ তার ভাইকে ফোনও করেছিল।
 
ফেব্রুয়ারিতে আইএসের অনলাইন সাময়িকী ‘দাবিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে দম্ভের সঙ্গে আবু ওউদ বলেছিলেন, তিনি বেলজিয়ামের গোয়েন্দা সংস্থার নাকের ডগা দিয়ে পশ্চিমা দেশগুলোতে হামলার পরিকল্পনা করতে সক্ষম হয়েছেন।
 
আবু ওউদ আবু উমর আল-বালজিকি নামেও পরিচিত। তিনি আইএসের হয়ে যুদ্ধ করছেন এরকম একটি ছবিও বেলজিয়ামের গণমাধ্যমে প্রকাশ পেয়েছিল। গার্ডিয়ান, বিবিসি ও ইন্ডিপেন্ডেন্ট।