শ্রীলংকার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১০:৩১

শ্রীলংকার প্রধানমন্ত্রী রাণিল ভিক্রেমেসিংহ-এর সঙ্গে সে দেশে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার কলম্বোতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘টেম্পল ট্রি’-তে তারা এ সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে হাইকমিশনার শ্রীলংকার প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি শ্রীলংকার রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গণে সংস্কারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভিক্রেমেসিংহ-এর রূপকল্প ও অঙ্গীকারের প্রশংসা করেন। দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির প্রয়াসে তিনি প্রধানমন্ত্রীর সমর্থন কামনা করেন। এ প্রসঙ্গে তিনি বাণিজ্য, বিনিয়োগ, নৌপরিবহন, মৎস্য, সংস্কৃতি ও জনগনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রসমূহের ওপর আলোচনা করেন। বহুপাক্ষিক পর্যায়েও দু’দেশের মধ্যে সহযোগিতার চমৎকার ধারাকেও তিনি স্মরণ করেন। হাইকমিশনার বাংলাদেশকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে উল্লেখ করেন। সম্ভাবনাময় এ অঞ্চলের প্রবেশপথ হিসেবে বাংলাদেশের সঙ্গে শ্রীলংকার অর্থনৈতিক সম্পর্ক গড়ার গুরুত্ব তুলে ধরেন।

প্রধানমন্ত্রী ভিক্রেমেসিংহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার শুভেচ্ছা ব্যক্ত করেন। ইউনেস্কো-এর কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে শ্রীলংকার সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর করায় হাই কমিশনারের চেষ্টায় তার সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং পরামর্শ সংক্রান্ত বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার নিয়মিত অধিবেশন আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। প্রক্রিয়াধীন বিভিন্ন চুক্তির খসড়াসমূহ চূড়ান্ত করণের প্রয়োজনীয়তার বিষয়টিও এতে স্বীকৃত হয়।

-প্রেসবিজ্ঞপ্তি