বিহারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৮:০৩
 
বিহারের মুখ্যমন্ত্রী হিসবে শপথ নিয়েছেন সংযুক্ত জনতা দলের নেতা নীতীশ কুমার। পঞ্চম বারের মতো রাজ্যটির মুখ্যমন্ত্রী হলেন তিনি। সেইসঙ্গে নীতীশের রাজনৈতিক জোটের অন্যতম শরিক রাষ্ট্রীয় জনতা দলের নেতা ও লালু প্রসাদ যাদবের পুত্র ২৬ বছর বয়সী তেজস্বী যাদব বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিল দলের হয়ে চার বার টুর্নামেন্টে অংশ নিলেও রাজনীতির মাঠে একেবারেই নতুন তেজস্বী। শুক্রবার বিহারের রাজধানী পাটনায় গান্ধী ময়দানে আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে শপথ নেন তারা। তাদের সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন।
IMG0
এর আগে ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন নীতীশ কুমার। এর পর গত ফেব্রুয়ারি থেকেও তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।
 
পাঁচ দফায় ভোট গ্রহণ শেষে ৮ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে ২৪৩ আসনের মধ্যে ১৭৮ আসন পায় নীতীশ-লালু নেতৃত্বাধীন মহাজোট। মাত্র ৫৮টি আসন পেয়ে ভরাডুবি ঘটে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটের।
 
তবে লালু দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারেননি, একারণেই তিনি তার ছেলেকে সামনে নিয়ে এসেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে নিজের স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন লালু। সূত্র: এনডিটিভি