কুমিল্লায় জহিরুল ইসলাম নামে এক সৌদি প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি।
বৃহস্পতিবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। জহিরুল জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের মৃত মতি মিয়া বেপারির ছেলে।
অপহৃতের স্ত্রী হাজেরা বেগম ও বড় ভাই আলাউদ্দিন জানান, প্রায় তিন মাস আগে জহিরুল ইসলাম (৩৫) সৌদি থেকে ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার কেনাকাটার জন্য জেলা শহরে যান। শহর থেকে বাড়ি ফেরার পথে আমতলী এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। অপহরণের পর পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ এ অভিযোগে আমতলী ও আলেখারচরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
ময়নামতি পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা নজরদারির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।
